সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি মার্কেটে সোলার প্যানেল স্থাপনে ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে সরকার।



রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকান, মার্কেট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত ওই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছাড়াও বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে— এখন থেকে সপ্তাহে ৩ দিন রাত ১০টা পর্যন্ত এবং ৩ দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। যাতে শীতকালীন ব্যবসাটা আমরা যথাযথভাবে করতে পারি।



এদিকে দোকান মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেবে। পাশাপাশি সোলার প্যানেলগুলো মানসম্পন্ন কি না, তা নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সম্পাদক : আবদুল মাতিন