পবিত্র রমজান মাসে মেট্রোরেলে খাবার বা ইফতার নিয়ে ভ্রমণে বিধিনিষেধ জারি করা হয়েছে। অর্থাৎ ইফতারের সময় মেট্রোরেলে ইফতারসামগ্রী নেওয়া বা খাওয়া যাবে না। ভ্রমণের সময় শুধু ২৫০ মিলিমিটার (মিলি) পানি বহন করা যাবে। তাও যত্রতত্র পানির খালি বোতল ফেলা যাবে না।
১৬ ফেব্রুয়ারি রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি নিয়ে একটি নির্দেশনা জারি করেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম। এই নির্দেশনায় ইফতারের বিষয়টি উল্লেখ করা হয়। যদিও আগের বছরগুলোতে রমজানে একই নিয়মে চলছে মেট্রোরেল।
এদিকে নতুন নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। রমজান মাসের অফিস সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন এই নিয়মে মেট্রোরেল চলাচল করবে।
মেট্রোরেল সূত্র জানায়, রমজান উপলক্ষে ওই নির্দেশনাগুলো দিয়ে আদেশে বলা হয়, সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিল অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেনের হেডওয়ে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট, সকাল ৭টা ১১ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ১০ মিনিট, সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সকাল ৮টা ১১ মিনিট থেকে সকাল ৯টা ৫৩ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, সকাল ৯টা ৫৪ মিনিট থেকে দুপুর ২টা ৫৬ মিনিট পর্যন্ত ৮ মিনিট, দুপুর ২টা ৫৭ মিনিট থেকে বিকাল ৫টা ৪১ মিনিট পর্যন্ত সাড়ে ৫ থেকে ৬ মিনিট, বিকাল ৫টা ৪২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৩ মিনিট পর্যন্ত ৮ মিনিট, সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১০ মিনিট এবং রাত ৯টা ১ মিনিট থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম






















