শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

৩৪৬ রানেই শেষ বাংলাদেশের ইনিংস

স্পোর্টস ডেস্ক

প্রথম দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। তবে শেষ দুই উইকেট নিয়ে খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীরা। সকালে মাত্র ২৯ রান যোগ করেই ৩৪৬ রানে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস।

শনিবার (১০ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ৯২.৩ ওভারে অলআউট হয় বাংলাদেশ। আগের দিনের সংগ্রহ থেকে আরও ৮ ওভার ৩ বল ব্যাট করতে পেরেছে তারা।


দিনের শুরুতে নাঈম ও তাইজুল কিছুটা প্রতিরোধ গড়েন। অষ্টম উইকেট পতনের পর তাদের জুটিতে আসে ৩০ রান। তবে দলীয় ৩৩৫ রানে তাইজুলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মোহাম্মদ সেলিম। লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে গ্লাভস ছুঁয়ে উইকেটকিপার ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দেন তাইজুল। ২০ বলে ৯ রান করেন তিনি।

এরপর শেষ ব্যাটসম্যান এবাদত হোসেনকে নিয়ে আরও ১১ রান যোগ করেন নাঈম। শেষ পর্যন্ত ইয়ামিন আহমাদজাইয়ের বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এবাদত। ৭ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।

অন্য প্রান্তে ৬৭ বলে চারটি চারে ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম।

এর আগে শুক্রবার টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তানজিদ হাসান ও সাদমান ইসলাম। ৭১ বলে ৮৩ রান করেন তানজিদ। সাদমান করেন ১১১ বলে ৬৭ রান।

তবে ভালো শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ৩৯, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ ও মেহেদী হাসান মিরাজ ২৪ রান করেন। মুশফিকুর রহিম ফেরেন রানের খাতা না খুলেই। মাঝের বিপর্যয় সামাল দিতে লিটন দাস খেলেন ৫৩ রানের ইনিংস।

আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সেলিম। ৮২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে ৩টি, ইসমত আলম ২০ রানে ২টি এবং কাইস আহমেদ ৬০ রানে ১টি উইকেট নেন।

 

 

 

//এফ//

সম্পাদক : আবদুল মাতিন