জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠান আজ শনিবার শুরু হয়েছে।
টেবিল টেনিস প্রতিযোগিতা দিয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি
হাসান হাফিজ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা
কমিটি সদস্য, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাসসের প্রধান
সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন
ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির
সদস্য মোহাম্মদ মোমিন হোসেন এবং ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনায় আমরা
দেশের ক্রীড়া ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে চাই। ২০২৭ সাল থেকে
চতুর্থ শ্রেণীর পাঠ্যক্রমে নতুন বিষয় হিসেবে খেলাধুলা অন্তর্ভুক্ত করা
হবে। এরপর প্রতিবছর ধারাবাহিকভাবে অন্যান্য শ্রেণীতেও বিষয়টি যুক্ত হবে।
বিদ্যালয়গুলোতে নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্ট পড়ানো হবে। প্রতি
স্কুলে ১০ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথম দিনে ৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হয়েছেন আনোয়ার
হোসেন (এনসিসি ব্যাংক), রানার্স আপ মাহবুব রেজা (৭১ টিভি)। তৃতীয় স্থান
অধিকার করেন শামীম হাসান (প্রতিদিনের বাংলাদেশ)।
আগামীকাল ১১ অক্টোবর রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম
হলে টেবিল টেনিস (দ্বৈত) অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম























